ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তাকে আরো ঝুঁকিপূর্ণ করেছে : রাভিনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় মঙ্গলবার বলেছে, বিশ্ব সম্প্রদায়কে স্পষ্ট করতে হবে যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা বিশ্বজুড়ে দেশগুলোর নিরাপত্তাকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে।
হাইকমিশনারের দপ্তরের প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি সাংবাদিকদের বলেন, এটি এমন একটি বার্তা দেয় যে শক্তিধর দেশগুলো যা খুশি তা-ই করতে পারে। শামদাসানি আরো বলেন, কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দেওয়া চলবে না। ভেনেজুয়েলা সরকারের ‘দীর্ঘদিনের এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের’ অজুহাতে এই অভিযানের যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা তিনি প্রত্যাখ্যান করেন।
তিনি জোর দিয়ে বলেন, মানবাধিকার লঙ্ঘনের দায়বদ্ধতা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে হাসিল করা যায় না।
তিনি উল্লেখ করেন, গত এক দশক ধরে জাতিসংঘের এই দপ্তর নিয়মিতভাবে ভেনেজুয়েলার ‘ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি’ নিয়ে প্রতিবেদন দিয়ে আসছে। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ থেকে সৃষ্ট বর্তমান অস্থিরতা এবং দেশের আরো সামরিকায়ন পরিস্থিতিকে কেবল আরো খারাপ করবে।
সূত্র : এএফপি, রয়টার্স
আপনার মতামত লিখুন :