প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রোববার (২১ জুন) মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। সফরকালে মালয়েশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছে সরকার।
শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, আসিয়ানের সদস্যপদ অর্জনে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি অগ্রাধিকার পাবে। পাশাপাশি কয়েকটি সমঝোতা ও চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে যাত্রা করবেন। তিনি ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন। সফরকালে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
চীন সফরে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, এ সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই হতে পারে। একই সঙ্গে দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টিও আলোচনায় থাকবে।
প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ মোট ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে থাকবেন। সরকার আশা করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে।
আপনার মতামত লিখুন :