লিওনেল মেসির বিদায়ের পর কারা হবেন আর্জেন্টিনার নতুন ভরসা?


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

লিওনেল মেসির নামই যেন আধুনিক আর্জেন্টিনা ফুটবলের সমার্থক। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও পরে ফিরে এসে দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক শিরোপা।

সবশেষ বিশ্বকাপের ফাইনালে হারলেও আকাশি-সাদা জার্সিকে এখনো বিদায় জানাননি আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা। তবে বয়সের বাস্তবতা মাথায় রেখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই মেসি-পরবর্তী দলের রূপরেখা তৈরির পরিকল্পনা শুরু করেছে।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগের প্রধান দায়িত্ব নেওয়ার সম্ভাবনা রয়েছে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের। জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের যোগ্যতা ইতোমধ্যেই প্রমাণ করেছেন তারা।

মিডফিল্ডের সৃজনশীল ভূমিকায় সবচেয়ে সম্ভাবনাময় নাম নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে আলোচনায় এসেছেন তিনি। তার বিকল্প হিসেবে রয়েছেন ক্লাউদিও এচেভেরি। পাশাপাশি থিয়াগো আলমাদা, গুইলিয়ের্মো সিমেওনে, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সৌলে এবং আলেহান্দ্রো গার্নাচোর মতো তরুণ ফুটবলারদের ঘিরেও বড় প্রত্যাশা রয়েছে।

মাঝমাঠে ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিয়ান্দ্রো পারেদেসের সম্ভাব্য বিদায়ের পর তার জায়গায় এক্সেকিয়েল পালাসিওস কিংবা মাক্সিমো পেরোনের মতো খেলোয়াড়দের দেখা যেতে পারে। তরুণ ভ্যালেন্তিন বার্কোকেও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রক্ষণভাগেও আসছে বড় পরিবর্তন। নিকোলাস ওতামেন্দির অবসরের পর লিওনার্দো বালেরদিকে তার উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের জুটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাঁ-প্রান্তে ফাকুন্দো মেদিনা, জুলিও সোলের ও রোমান ভেগা এবং ডান প্রান্তে নাহুয়েল মোলিনার পাশাপাশি হুয়ান ফয়থ ও অগাস্টিন জিয়ার মতো ফুটবলাররা থাকবেন আলোচনায়।

গোলপোস্টে এমিলিয়ানো 'দিবু' মার্টিনেজ ফিট থাকলে এখনও প্রথম পছন্দ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। বিকল্প হিসেবে থাকবেন হুয়ান মুসো।

তবে খেলোয়াড়দের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন বানানো এই কোচ যদি দায়িত্বে থাকেন, তাহলে বর্তমান প্রকল্পটি ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মেসির অধ্যায়ের শেষ একদিন হবেই। কিন্তু সেই সময়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। তরুণ প্রতিভা, শক্তিশালী স্কোয়াড এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আলবিসেলেস্তেরা চাইছে, মেসির পরও যেন বিশ্ব ফুটবলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ