দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৯৬ জনের মধ্যে।
শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে। সব মিলিয়ে হাম ও হামের লক্ষণজনিত মোট মৃতের সংখ্যা এখন ৬৪৮ জন।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ১০ হাজার ২৪৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বর ও ফুসকুড়িসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :