শেষ আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলেও পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

মালদ্বীপে আমন্ত্রণমূলক চার জাতির হীরক জয়ন্তী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক দল। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

তারুণ্যনির্ভর বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল-এ কোনো প্রবাসী ফুটবলার না থাকলেও, শক্তিশালী প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া অভিজ্ঞ পাকিস্তান ফুটবল দল শুরু থেকেই চাপে রাখার চেষ্টা করে। তবে ম্যাচের শেষ প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলেও প্রতিপক্ষকে গোল করতে দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে অন্তত তিনটি পরিষ্কার সুযোগ তৈরি হলেও দক্ষ ফিনিশারের অভাবে গোলের দেখা মেলেনি মারুফুল হকের শিষ্যদের। রক্ষণভাগের দৃঢ়তায় পাকিস্তানও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির পর ম্যাচে উত্তেজনা বাড়ে। ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের মনজুরুল হক মানিক। এর আগে পাকিস্তানের গোলরক্ষক ও এক খেলোয়াড় বাংলাদেশের এক খেলোয়াড়কে ধাক্কা দিলেও রেফারি তা আমলে নেননি, যা নিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ জানান।

একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ার পর বাংলাদেশের ওপর চাপ বাড়ায় পাকিস্তান। ৬৬ মিনিটে আলী হায়দার শাহর সাইড ভলি দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক শ্রাবণ। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে তাঁর হাতেই।

ম্যাচ শেষে শ্রাবণ বলেন, “আমরা জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম। জিততে পারিনি, তবে হারার চেয়ে এক পয়েন্ট পাওয়া ভালো। পরের ম্যাচে আরও ভালো খেলতে চাই।”

বাংলাদেশ দলের ম্যানেজার শাহীন হাসান রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “লাল কার্ডের সিদ্ধান্তটি যথার্থ ছিল না। তারপরও আমাদের ছেলেরা দারুণ খেলেছে, শুধু গোলটা পাওয়া হয়নি।”

রেফারিং নিয়ে একই সুর শোনা গেছে মালদ্বীপ দলের কোচ আলী সুজেইনের কণ্ঠেও। ম্যাচসেরার পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, লাল কার্ডের সিদ্ধান্তটি সঠিক ছিল না এবং রেফারিংয়ের মান আরও উন্নত হওয়া উচিত।

আগামী বৃহস্পতিবার (৪ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ফুটবল দল-এর মুখোমুখি হবে বাংলাদেশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ