সিলেটের ওসমানীনগরে ঘাতক বাস কেড়ে নিল বাবা মেয়ের প্রাণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-মেয়েসহ দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। ১ নভেম্বর শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নোমান ফার্নিচার এন্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ বিরতিহীন নামের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৭) এবং তাজপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজি: ঢাকা মেট্রো-গ-১২-৪৮৫৫) মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী মোঃ হারুন মিয়া (৩২) ও তাঁর কন্যা আনিসা (০৮) মারা যান।
নিহত হারুন মিয়া ও তাঁর কন্যা আনিসা সিলেটের ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- মুন্নী (২৩), রহিমা (২৬), পান্না (৩০), তিনজনই মজিদপুর গ্রামের বাসিন্দা এবং বেলাল আহমেদ মুকিত (৩৭), পিতা নাসির আলী, গ্রাম ইনাতগঞ্জ, থানা জগন্নাথপুর, সুনামগঞ্জ।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে সাময়িকভাবে যানজট সৃষ্টি হলেও শেরপুর হাইওয়ে পুলিশ ও ওসমানীনগর থানা পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :