তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে মধ্যনগরে সচেতনতামূলক র্যালি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সুনামগঞ্জের মধ্যনগরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রৌহা এলাকায় আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিটি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদির সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ঝুটন মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. স্বপন আহমেদ, রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব তালুকদার, সংগঠনের সদস্য মোবারক মিয়া, শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী, বিদ্যুৎ সরকার, সমীরন তালুকদার ও মোশাররফ হোসেনসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তরুণ সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে।
আয়োজকরা জানান, আলোকবর্তিকা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :