আমতলীর ঘোপখালীতে গভীর রাতে চার প্রতিষ্ঠানে চুরি, এলাকায় চরম আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বরগুনা প্রতিনিধি :
আমতলী উপজেলার ঘোপখালী এলাকায় একই রাতে চারটি প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র তালা ভেঙে ল্যাপটপ, নগদ টাকা ও সিগারেট নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে। একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
চুরির শিকার প্রতিষ্ঠানগুলো হলো ঘোপখালী জামে মসজিদ, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শানু হাওলাদারের দোকান।
স্থানীয় সূত্র জানায়, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি সঙ্গবদ্ধ চোর চক্র দীর্ঘদিন ধরে চুরি চালিয়ে আসছে। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ওই চক্রকে গ্রেপ্তার করতে পারেনি। শুক্রবার গভীর রাতে চোরেরা একে একে চারটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমিরা ভেঙে আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুটে নেয়।
চোর চক্র আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা, ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ এবং নৈশপ্রহরীর রাখা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া মসজিদের আলমিরা ভেঙে টাকা এবং একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ সিগারেট চুরি করা হয়।
ঘোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মোর্শ্বেদা বেগম বলেন, চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমিরা ভেঙে একটি ল্যাপটপ ও নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, একটি কক্ষ ছাড়া পরিষদের প্রায় সব কক্ষের তালা ভেঙে আলমিরা তছনছ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে রেখে গেছে এবং একটি ল্যাপটপ ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা বলেন, চোর চক্র কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এর কিছু পরে রাস্তার পাশে পাওয়া গেছে।
এ বিষয়ে আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
একই রাতে একাধিক প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে। এলাকাবাসী দ্রুত চোর চক্র শনাক্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :