দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন। এর মধ্যে ৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের শনাক্তকরণ, চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :