আন্দামান সাগরে লঘুচাপের আভাস, বাংলাদেশে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের গতিপথ ভারতের ওড়িশা উপকূলের দিকে থাকার সম্ভাবনা বেশি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী দুই দিনের মধ্যে আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। অনুকূল পরিবেশ পেলে এটি পর্যায়ক্রমে শক্তিশালী হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আরও জানান, সম্ভাব্য এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বাংলাদেশে আগামী ২৩ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পরবর্তী পূর্বাভাসগুলো পর্যবেক্ষণ করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ