নিষেধাজ্ঞা উপেক্ষা করে বান্দরবানে ছাত্রলীগের পোস্টারিং, গ্রেপ্তারের চ্যালেঞ্জ নেতার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি :
পুলিশি বাধা, গ্রেপ্তার ও মব সন্ত্রাসের আশঙ্কার মধ্যেও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে বান্দরবানে একটি ব্যতিক্রমী পোস্টারিং কর্মসূচি স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
মঙ্গলবার বান্দরবান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংটিং ওয়াইং মারমা-এর নেতৃত্বে বান্দরবান জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। পোস্টারগুলোতে জনগণের দাবির কথা উল্লেখ করে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়।
পোস্টারে তিনটি প্রধান দাবি জানানো হয়। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আইনগতভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের দাবি তোলা হয়। তৃতীয়ত, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় কারাবন্দি সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
কর্মসূচি শেষে মংটিং ওয়াইং মারমা পোস্টারিংয়ের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। একই সঙ্গে তিনি একটি কড়া বার্তায় বলেন, এই কর্মসূচির কারণে যেন অন্য কোনো ছাত্রলীগ নেতাকর্মী হয়রানির শিকার না হন। তাঁর ভাষায়, পোস্টারে উল্লিখিত দাবিগুলোকে যদি কর্তৃপক্ষ অপরাধ হিসেবে দেখে, তবে তাঁকেই গ্রেপ্তার করা হোক।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :