সেই ছোট্ট তাহসিনকে বুকে টানলেন প্রধানমন্ত্রী, দিলেন স্বপ্নপূরণের দিকনির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হাজারো শিশুর ভিড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দুই হাত বাড়িয়ে হাসিমাখা মুখে দাঁড়িয়ে থাকা কিশোর তাহসিন আব্দুল্লাহর সেই মুহূর্ত অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তবে সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল এক গভীর বেদনার গল্প।
২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিজের বড় বোন তাসনিয়াকে হারায় তাহসিন। একই স্কুলে পড়লেও সেদিন তারা দুটি ভিন্ন ভবনে ছিল। দুর্ঘটনার পর বড় বোনকে খুঁজতে ছোট্ট দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে ছুটে গিয়েছিল তাহসিন। কিন্তু সেই অপেক্ষার আর কোনো সমাপ্তি হয়নি।
পরিবার জানায়, বোনকে হারানোর পর থেকে বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে লিখেছিল, "আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। ওকে আমি অনেক অনেক মিস করি। ও আমার বেস্ট ফ্রেন্ড।" সেই ঘটনার পর তার মুখে আগের মতো হাসি খুব কমই দেখা যেত।
তবে গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠ প্রদক্ষিণ করার সময় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে তাহসিন। তার নির্মল হাসির সেই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে ছবির পেছনের হৃদয়বিদারক গল্প জানতে পারেন প্রধানমন্ত্রী। তিনি তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। বর্তমানে সে সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে। পরিবারে তার আরও একটি ছোট বোন রয়েছে, যে নার্সারিতে পড়াশোনা করছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন সম্পর্কে জানতে চান। উত্তরে তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার হবে।
প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন তার হাতে।
সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করার সুযোগ পেয়ে সে খুবই আনন্দিত। তার ভাষায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘুরে দেখা এবং সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকাও তাকে মুগ্ধ করেছে। বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফিও তোলে সে।
এ সময় মাইলস্টোনের দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :