দেশে রাজধানীতে ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা কম, বাড়তে পারে গরম : আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামীকাল শনিবার থেকে অনেকটা কমতে পারে। ফলে শনিবার থেকে ভ্যাপসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের রাজধানীতে আগামী ৩-৪ দিন বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টি কম থাকবে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ঢাকায় আবার ১২ আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৮ আগস্ট শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। গতকাল সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।
আপনার মতামত লিখুন :