মৌলভীবাজারে জেলা পরিষদের ২৪ প্রকল্পে ৭২ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আলী মোহাম্মদ মঞ্জুর :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫–২৬ অর্থবছরে মৌলভীবাজার জেলা পরিষদের জন্য বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের অধীনে ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে ২৪টি প্রকল্পের বিপরীতে মোট ৭২ লক্ষ টাকা এককালীন অবমুক্তির সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করেছে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রজ্ঞাপনের নম্বর ৪৬.০০.০০০০.০০০.০৪২.১৪.০০৯৩.২৫ (অংশ–২), ২১৭০ এবং তারিখ ৫ অক্টোবর ২০২৫। এতে উল্লেখ করা হয়েছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান- যেমন মসজিদ, মন্দির ও মাদ্রাসার সংস্কার, উন্নয়ন ও নির্মাণ কার্যক্রমে এ অর্থ ব্যয় করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি প্রকল্পের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ টাকা করে। বরাদ্দপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শ্রীমঙ্গলের বাভনপুর জামে মসজিদ, শ্রী শ্রী রাধানাথ জিউর মন্দির, গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির, ইসলামাড়া জামে মসজিদ, সবুজবাগ কালি মন্দির, পুরানগাঁও জামে মসজিদ, পূর্ব টিকরিয়া ইসলামপুর জামে মসজিদ, হোসেনাবাদ জগন্নাথ মন্দির, পূর্ব সুজাউল মসজিদের ওজুখানা ও সাইড দেয়াল নির্মাণ প্রকল্পসহ মোট ২৪টি প্রতিষ্ঠান।
এই অর্থ চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটের মঞ্জুরি নং–৩৪ অনুযায়ী, হিসাব খাত ১৩৭-১৩৭০১-২২১০০০৬০০/৪১১১৩১৭ ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ থেকে ব্যয় করা হবে। অর্থ বিভাগের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারক নং ০৭.১১১.০১৪.০১.০১.০০৬.২০১১–৩১৬ অনুসারে অর্থ ছাড়ের সম্মতির ভিত্তিতে বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এটি জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে চলতি অর্থবছরের প্রথম কিস্তির অর্থ ছাড়। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :