দেবীগঞ্জে ঈদের আগে সড়কে ধান শুকানোয় দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সোহাগ হোসেন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে মানুষের চলাচল বেড়েছে। ঠিক এই সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা–র দন্ডপাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রধান সড়ক দখল করে ধান ও খড় শুকানোর অভিযোগ উঠেছে। এতে যান চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, কৃষকরা মাঠ থেকে ধান কেটে এনে রাস্তার ওপর ধান শুকানো, মাড়াই করা এবং খড় ছড়িয়ে রাখছেন। ফলে সড়কের বড় একটি অংশ দখল হয়ে যাচ্ছে। অনেক জায়গায় রাস্তার অর্ধেক বন্ধ হয়ে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন পথচারী ও সাধারণ যাত্রীরা।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে যানবাহন ও মানুষের চাপ আগের চেয়ে অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে সড়কের ওপর ধান ও খড় রাখায় ঝুঁকি আরও বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলে প্রায়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওর নির্দেশে মাইকিং করে সড়কে ধান ও খড় না রাখার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা অনেকেই মানছেন না। ফলে বিভিন্ন এলাকায় নিয়ম অমান্য করে এখনো সড়কের ওপর ধান শুকানো ও মাড়াইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে।
পথচারী ও যানবাহন চালকদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়ক দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :