বড় প্রযুক্তিগত বিপর্যয়ে চ্যাটজিপিটি, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য প্রযুক্তি :
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের লাখো ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিভ্রাট নিয়ে নানা রসিকতাও চলছে।
অনেক ব্যবহারকারী মজা করে লিখেছেন, চ্যাটজিপিটি কাজ না করায় এবার বাধ্য হয়েই নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হবে।
তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছিল বলে জানা গেছে।
এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব শুধু চ্যাটজিপিটিতেই সীমাবদ্ধ থাকেনি। ওপেনএআইয়ের প্রযুক্তি ও এআইভিত্তিক বিভিন্ন ফিচারের ওপর নির্ভরশীল অন্যান্য ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও এর প্রভাব পড়েছে।
পরিস্থিতি সম্পর্কে ওপেনএআই জানিয়েছে, তারা সমস্যাটির বিষয়ে অবগত এবং তা সমাধানের জন্য কাজ করছে। একই সঙ্গে সমস্যার সমাধান কার্যকর হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
এর কিছুক্ষণ পর দেওয়া আরেকটি আপডেটে প্রতিষ্ঠানটি জানায়, তাদের প্ল্যাটফর্মে এখনো সেবার মান কিছুটা কম রয়েছে।
চ্যাটবটের পাশাপাশি প্রোগ্রামিং ও সফটওয়্যার উন্নয়নের কাজে ব্যবহৃত চ্যাটজিপিটির বিশেষ টুল ‘কোডেক্স’-এর কার্যক্রমেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে।
এদিকে, চ্যাটজিপিটির এই বড় ধরনের বিপর্যয়ের সময় প্রতিদ্বন্দ্বী কয়েকটি এআই প্ল্যাটফর্মেও সমস্যার খবর পাওয়া গেছে। অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ এবং ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের ‘গ্রক’ ব্যবহারেও কিছু ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রতিদ্বন্দ্বী এসব এআই চ্যাটবটের ক্ষেত্রে সমস্যার মাত্রা তুলনামূলক কম ছিল। অনেক ব্যবহারকারীর জন্য সেবাগুলো স্বাভাবিকভাবেই সচল ছিল।
চ্যাটজিপিটির এই বিভ্রাট বিশ্বজুড়ে এআইনির্ভর ডিজিটাল সেবাগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও নতুন করে সামনে এনেছে।
আপনার মতামত লিখুন :