মাদক ও অনলাইন জুয়ার ছায়ায় তাহিরপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তারিকুল হাসান রনি, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার কারণে দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিল সে।
সোমবার (২৫ মে) বিকেলে তাহিরপুর থানা পুলিশ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে আমিনুলকে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
নিহতের বড় ভাই সোহেল জানান, আমিনুল দীর্ঘদিন ধরে এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে চলাফেরা করত। প্রায় দুই বছর ধরে সে ইয়াবা সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। এসব নিয়ে পরিবারের সঙ্গে তার নিয়মিত বিরোধ চলছিল বলে জানান তিনি। সর্বশেষ মাদক সেবন ও অনলাইনে জুয়া খেলার জন্য পরিবারের কাছে টাকা দাবি করে আমিনুল। টাকা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে পরিবারের ধারণা।
এ বিষয়ে তাহিরপুর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে নিহত কিশোরের মাদকাসক্তি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের মধ্যে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা নিতে হবে।
আপনার মতামত লিখুন :