রোয়াংছড়িতে উৎসবমুখর পরিবেশে বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। সুভাজয় তঞ্চঙ্গ্যার প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য শৈসাঅং মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি বান্দরবান জেলা ছাত্রদল হাইনুমং মারমা, সাবেক যুগ্ম সম্পাদক রোয়াংছড়ি উপজেলা বিএনপি ক্যসাইনু মারমা এবং সাবেক অর্থ সম্পাদক সাচিংথুই মারমা।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, তরুণ ও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা বলেন, এমন আয়োজন যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এই ধরনের উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করেন।
উদ্বোধনের পর মাঠে মুখোমুখি হয় রোয়াংছড়ি থানা একাদশ ও রোয়াংছড়ি উপজেলা ট্যুরিস্ট গাইড একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এই ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আয়োজক কমিটি জানিয়েছে, এবারের আসরে উপজেলার বিভিন্ন প্রান্তের একাধিক শক্তিশালী দল অংশ নিচ্ছে। নির্ধারিত সূচি ও নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :