বাজেটে সাধারণ মানুষের জন্য কর কমানো হয়েছে, অস্থিরতা সৃষ্টি করাই বিরোধীদের লক্ষ্য : প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থে কর কমানো হলেও বিরোধীরা তার বিরোধিতা করছে। তাদের মূল উদ্দেশ্য দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে স্থানীয় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “যে বাজেটে সাধারণ মানুষের জন্য ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মেনে নিতে পারে না। আবার মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হলেও তাদের আপত্তি রয়েছে। দেশের মানুষের কল্যাণ নয়, অশান্তি সৃষ্টি করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার একটি ধারণা তৈরি হলেও এবার পরিস্থিতি ভিন্ন। চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর বিদ্যমান কর কমানো বা প্রত্যাহার করায় এখন পর্যন্ত বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

তিনি জানান, সাম্প্রতিক বাজেটে প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে থাকে এবং বাজারে মূল্যস্থিতি বজায় থাকে। অন্যদিকে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে।

সরকারের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সকল শক্তির উৎস জনগণ। জনগণের সমর্থন ও আস্থা নিয়েই আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যতদিন দায়িত্বে থাকব, ততদিন মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য কাজ করব।”

জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃহৎ খাল পুনঃখনন কর্মসূচির ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করেছে সরকার। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড সুবিধা চালু করা হয়েছে।

তিনি বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ