বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের পর মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা। ম্যাচ শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে সংঘর্ষ, লাল কার্ডের ঘটনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের আচরণ তদন্তের আওতায় আনা হয়েছে।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় কর্মকর্তাদের।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ফিফার শৃঙ্খলা কমিটি ম্যাচ রেফারির প্রতিবেদন, আনুষ্ঠানিক নথিপত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে সহিংস আচরণের অভিযোগে তিনি লাল কার্ড দেখেন। অভিযোগ রয়েছে, স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তিনি সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ছাড়া স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগ, ম্যাচ-পরবর্তী বিশৃঙ্খলার সময় তিনি স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

শুধু মাঠের ঘটনাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার আচরণ খতিয়ে দেখছে ফিফা। অভিযোগ, স্পেন ট্রফি উঁচিয়ে ধরার সময় লিওনেল স্কালোনির দলের কয়েকজন সদস্য ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বা কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা। তদন্ত শেষে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর রাজনৈতিক বার্তা সম্বলিত লাস মালভিনাস সন আর্জেন্তিনাস'** ব্যানার প্রদর্শনের অভিযোগেও আর্জেন্টিনার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করেছিল ফিফা।

ফাইনাল-পরবর্তী এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আর্জেন্টিনা দলের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ