প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাজস্থলীতে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় সে। নির্ধারিত সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, চিংম্রাসিং মারমা বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়েও কোনো তথ্য মেলেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে কিশোরীর নিরাপদ প্রত্যাবর্তনের আশায় পরিবার ও এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে।
আপনার মতামত লিখুন :