তাহিরপুরে মানববন্ধনে সাংবাদিক আলম সাব্বিরকে জড়িয়ে বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে অনুষ্ঠিত এক মানববন্ধনে সাংবাদিক ও শাহ আরেফিন (রহ.) মোকাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বিরকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদকারীরা জানান, মানববন্ধনে আলম সাব্বিরকে “মাদক ব্যবসায়ী” ও “মাদকসেবী” হিসেবে আখ্যায়িত করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। তাদের অভিযোগ, ব্যক্তি আক্রোশ থেকেই এসব বক্তব্য প্রচার করা হয়েছে।
সাংবাদিক আলম সাব্বির বলেন, শাহ আরেফিন (রহ.) মোকামের আর্থিক হিসাব-নিকাশ নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার রয়েছে এবং এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা থাকা স্বাভাবিক। তবে কোনো প্রমাণ ছাড়াই একজন সাংবাদিক ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিকে মাদক-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, শাহ আরেফিন মোকাম পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আর্থিক হিসাব সংরক্ষণের দায়িত্ব ক্যাশিয়ারের কাছে থাকে। সাধারণ সম্পাদক হিসেবে এককভাবে মোকামের অর্থ আত্মসাৎ করার কোনো সুযোগ তার নেই। নিয়মিতভাবেই জনগণের সামনে মাজারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় বলে তিনি দাবি করেন।
আলম সাব্বির জানান, তিনি দীর্ঘ প্রায় ১৯ থেকে ২০ বছর ধরে শাহ আরেফিন মোকাম পরিচালনা কমিটি ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার বক্তব্য, যদি তিনি সত্যিই মাদক ব্যবসা বা মাদকসেবনের সঙ্গে জড়িত থাকতেন, তাহলে এতদিন এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব হতো না।
তিনি আরও অভিযোগ করেন, মানববন্ধনে বক্তব্য দেওয়া জসিম উদ্দিন অতীতেও ২০২১ সালে তার বিরুদ্ধে মানহানিকর প্রচারণায় জড়িত ছিলেন। এবারও একই উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আলম সাব্বিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা পর্যায়ের সাংবাদিক কর্মীরা।
আপনার মতামত লিখুন :