ডিসেম্বরে ফাইনাল পরীক্ষার শেষে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
শিক্ষার্থীরা ডিসেম্বরে যখন ফাইনাল পরীক্ষা দেবে, ঠিক সেই সময়েই পরীক্ষার শেষেই তাদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সব পাঠ্যপুস্তক প্রস্তুত রাখতে হবে।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী-এর সঙ্গে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই যেন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ছাপাখানাসংক্রান্ত সম্ভাব্য চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক ছাপার টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আগস্টের শুরুতেই অর্ডার দেওয়া হবে, যাতে দ্রুত ছাপার কাজ শুরু করা যায়।
শিক্ষামন্ত্রী আরও জানান, পাঠ্যক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। বিভিন্ন শ্রেণিতে নতুন করে চারটি পাঠ্যবই যুক্ত হবে। পাশাপাশি ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বিষয়ে এখনও কাজ শুরু হয়নি, তবে আগামী বছর থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সভায় পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও সময়মতো বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
আপনার মতামত লিখুন :