সিলেটে আনুষ্ঠানিকভাবে সিউকের কার্যক্রম শুরু, পরিকল্পিত নগরায়নের প্রত্যয়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো নির্মাণ এবং জনদুর্ভোগ কমাতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সিলেট নগরীর নাইওয়ারপুরে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে দাপ্তরিক কার্যক্রমের সূচনা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় বর্ণাঢ্য সুধী সমাবেশের।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অতীতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি, গ্যাস ও পানির পাইপলাইন কাটা এবং পুনরায় স্থাপনের মতো সমস্যায় পড়তে হয়েছে নগরবাসীকে। এতে সময় ও অর্থের অপচয় হয়েছে।

তিনি বলেন, পরিকল্পিত নকশা ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যা দূর করে সিলেটের উন্নয়ন ত্বরান্বিত করাই সিউকের অন্যতম প্রধান লক্ষ্য।

মন্ত্রী জানান, আগামী শীতের শুরু থেকেই সিলেট বিভাগ ও নগরীর বিভিন্ন মেগা প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে। বিভাগের চার জেলার প্রতিটি উপজেলায় গ্রামীণ সড়ক পুনর্নির্মাণ ও আধুনিকায়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি নগরীর জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্পও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

নগরবাসীর বিনোদন ও পরিবেশের মান উন্নয়নে সিলেটের পুরাতন কারাগারের জায়গায় একটি দৃষ্টিনন্দন ও বৃহৎ পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পার্কটি নগরের ‘ফুসফুস’ ও অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সিলেটকে মাস্টার প্ল্যানের আওতায় এনে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে। দ্রুত বর্ধনশীল নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই অবকাঠামো নির্মাণকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, পাহাড়-টিলা ও জলাশয় রক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং গোলাজার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংসদ সদস্য তাহসিনা রূশদী লুনা, এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউর রহমান, নিউজ বাংলার সম্পাদক খায়রুল আলম সুমনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিউকের আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে সিলেটের নগর উন্নয়ন আরও পরিকল্পিত ও সমন্বিত হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ