কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৫ জনের মধ্যে আটজন চোর ও ছিনতাইকারী, ১২ জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন ধর্তব্য অপরাধে এবং একজন নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও দ্রুত বিচার আইনসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সাদ্দাম হোসেন, মো. আরিফ, মো. জাকির হোসেন ও তালেব প্রকাশ কালার মাহমুদ বাবুলের বিরুদ্ধেও বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

অভিযানে গ্রেপ্তার আট চোর ও ছিনতাইকারীর মধ্যে রয়েছেন চৌফলদন্ডীর সাদ্দাম হোসেন, টেকনাফের হ্নীলার মো. আরিফ, ঈদগাঁওয়ের গজারিয়ার মো. জাকির হোসেন, সাহিত্যিকা পল্লীর তালেব প্রকাশ কালার মাহমুদ বাবুল, বার্মিজ মার্কেট টেকপাড়ার ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদ, ঝিলংজা পশ্চিম লাহার পাড়ার মো. ইয়াছিন, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মো. নুরুল আজিম এবং মহেশখালীর বড় কোরাল পাড়ার নুরুল আজম।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে কলাতলীর মুরাদ হাসান প্রকাশ কালু ও মো. জালাল, নতুন বাহারছড়ার ওসমান গণি, গাড়ির মাঠের জিহাদুল ইসলাম, খুরুশকুলের ইমরান ও তারেক জিয়া প্রকাশ লালা, ঝিলংজার মো. সাজু ও কেফায়েত উল্লাহ প্রকাশ রকি, রামুর শহীদ প্রকাশ রবি ও সাইফুল ইসলাম শাউন, সমিতিপাড়ার মো. তারেক এবং পিএমখালীর রোবায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পেশকারপাড়ার মো. আমান উল্লাহ, পূর্ব পাহাড়তলীর দিদারুল আলম ও ঘোনাপাড়ার ইনতিসার ছিদ্দিকী সাজিমকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ধর্তব্য অপরাধে পাহাড়তলীর মো. ওসমান এবং নিয়মিত মামলায় সিলেটের গোলাপগঞ্জ এলাকার মো. রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ