রামিসা হত্যায় ক্ষোভে ফুঁসছে দেশ, কঠোর বিচারের দাবি ইরফান সাজ্জাদের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন প্রতিবেদক :

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ প্রকাশ পাচ্ছে সর্বস্তরে।

এই হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। নিজের ফেসবুক পোস্টে তিনি দেশের বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পোস্টে ইরফান সাজ্জাদ লেখেন, “সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ। শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন, আর বিচারের কোনো নাম নেই। এই সার্কাস আর কত দিন?”

তিনি আরও বলেন, এমন কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর “রুহ কেঁপে ওঠে”। পোস্টের শেষাংশে তিনি দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি সব বাবাদের ভয় আর আতঙ্কের কথাটা বুঝতে পারবেন বলে আশা করি।”

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই ফ্ল্যাটের বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। এই ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ গুমের উদ্দেশ্যে দেহের অংশ বিচ্ছিন্ন করা হয়। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে বিকৃত যৌন নির্যাতন বা ধর্ষণের সংশ্লিষ্টতা আছে কি না, তা ময়নাতদন্ত ও পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও কঠোরভাবে সম্পন্ন করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ থামানো সম্ভব নয়। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও উঠছে জোরালোভাবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ