দেশ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমাজের সবাই যদি নাগরিক দায়িত্ববোধ থেকে পরস্পরের পাশে দাঁড়ায়, তবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকীতে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের সহযোগী হই, সেটাই হবে শহীদ জিয়ার আদর্শের প্রতি সম্মান।
তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানটি রাস্তার মধ্যে হওয়ায় যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে এবং মানুষ কষ্ট পাচ্ছে। সে কারণেই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সাংগঠনিক বিষয় নিয়ে পরে আলাদা করে সভা করা হবে, যেখানে দলকে আরও শক্তিশালী করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এরপর কুড়িল বিশ্বরোড এলাকায় খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো ও দেশ গঠনের রাজনীতি। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে দেশ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
খিলগাঁওয়ে আরেক কর্মসূচিতে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা শহীদ জিয়া দিয়ে গেছেন, তা ধারণ করেই সমাজের অন্যায় ও অবিচার দূর করতে চায় বিএনপি। জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ। তাদের সহযোগিতা ও অংশগ্রহণ থাকলেই দেশ গঠন ও মানুষের কল্যাণে দলের দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :