ফ্রান্সে স্কাইডাইভিং প্রশিক্ষণের বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে স্কাইডাইভিংয়ে অংশ নিতে যাওয়া একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিমানটি ন্যান্সি-এসে বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনার শিকার হয়। বিবিসি-এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে বিমানটির পাইলট, পাঁচজন শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক রয়েছেন। বিমানটিতে থাকা ১১ জনের সবাই প্রাণ হারান। বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের মালিকানাধীন ছিল।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ইভ সেগুই জানান, বিমানটি একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। তবে দুর্ঘটনায় আশপাশের কোনো সাধারণ মানুষ হতাহত হননি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, নিহত স্কাইডাইভারদের অর্ধেকই ছিলেন পেশায় নার্স। এছাড়া দুর্ঘটনার সময় নিহতদের স্বজনরা বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন, যা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তোলে।

এদিকে উদ্ধার ও তদন্তকাজ নির্বিঘ্ন করতে বিমানবন্দর-সংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য পুলিশ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ