হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে ঘোষণা করার হুমকিও দিয়েছেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী ইরানেরই থাকবে। এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি দাবি করেন।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা ছিল শুধু যুদ্ধবিরতির চুক্তি নয়, বরং যুদ্ধের অবসানের জন্য করা একটি সমঝোতা।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ওই চুক্তি লঙ্ঘন করেছে। এর ফলেই আবারও সংঘর্ষ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আঞ্চলিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
আপনার মতামত লিখুন :