পঞ্চগড়ে হিমশীতল বাতাস ও ঘন কুয়াশায় দেখা মেলেনি সূর্যের, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাঁপছে উত্তরবঙ্গ। দেশের উত্তরে সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে শীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিন ধরেই জেলায় সকাল-সন্ধ্যা তাপমাত্রার তারতম্য বেশি অনুভূত হচ্ছে। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে এ অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে।
দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। তেঁতুলিয়া আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মিলছে না। ফলে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। এতে শীতের অনুভূতি আরও বেড়েছে।
এ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। অনেক স্থানে সামনের গাড়ি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় চালকরা সতর্কভাবে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন। এতে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না মানুষ। অন্যদিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও তুলনামূলক কম।
তীব্র শীতের কারণে পঞ্চগড় শহরের প্রধান সড়ক, স্টেশন রোড ও মিলগেট বাজারসহ জনাকীর্ণ এলাকাগুলোতে মানুষের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। পঞ্চগড়ে শীতে বিপর্যস্ত জনজীবন।
সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবামূলক সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা আরও কমতে পারে। বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা ধারাবাহিকভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শেষদিকে জেলার কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বুধবার থেকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও কনকনে ঠান্ডার মাত্রা বাড়তে পারে।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। পঞ্চগড় সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহের তুলনায় শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়েছে। বিশেষ করে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আপনার মতামত লিখুন :