প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক নারী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিবিয়াপ্রবাসী বাদশার স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে একই গ্রামের যুবক আলিফের দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার রাতে তাঁদের মধ্যে বিয়ে করা নিয়ে তীব্র বাকবিতণ্ডা হয় বলে স্থানীয়দের দাবি।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা আসমানী আক্তারের ঘরের ভেতরে আলিফের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আলিফ একই গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :