সুনামগঞ্জে হাওরজুড়ে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
আব্দুল আউয়াল (মিছবাহ), স্টাফ রিপোর্টার :
"হাওরের মিঠা পানির মাছ ও বোরো ধান সুনামগঞ্জ জেলার প্রাণ"
সুনামগঞ্জ জেলার প্রায় বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান রোপণের উৎসব ।জেলার বিভিন্ন হাওরের পানি ধীরে ধীরে নামতে শুরু করায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই কৃষিকাজে হাওরপাড়ের সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরাও কৃষিকাজে সহযোগিতা করছে- কেউ শ্রমিকদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে, আবার কেউ হালিচারা সংগ্রহ করে কৃষি জমিতে পৌঁছে দিচ্ছে।
সরেজমিনে টাংগুয়ার হাওর, মাটিয়ান হাওর, শনিরহাওর,দেখার হাওর, ঘোড়াডোবা হাওর, শালদিঘা হাওরসহ জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা যায়- বিস্তীর্ণ জমিতে কৃষকরা প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেও বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। এক ফসলের উপর নির্ভরশীল হাওর পারের কৃষিজমি ও কৃষক। আছে নানান প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটা তবু বুক ভরা আশা নিয়ে কৃষক রোপণ করছেন ধানের চারা।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ২.২৩ লক্ষ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে প্রায় ১৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হয়।
এদিকে মধ্যনগর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নূর আলম জানান, মধ্যনগর উপজেলার হাওর রক্ষা বাঁধের কাজের সূচনা করা হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি, খুব দ্রুতই হাওর রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত বলেন, চলতি বোরো মৌসুমে মধ্যনগর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বর্তমানে হাওরাঞ্চলে বোরো ধান রোপণ কার্যক্রম চলমান রয়েছে। পানি পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :