চুনারুঘাটে মাজার-মসজিদ পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীদের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আমির হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক চন্ডিছড়া মসজিদ ও মাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করে এর চিত্র বদলে দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট’-এর উদ্যোগে মসজিদ, মাজার, অজুখানা ও যাত্রী বসার স্থানসহ আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন সঠিক পরিচর্যার অভাবে মাজারের প্রধান সড়কে শেওলা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। মাজারের ভেতরেও জমেছিল ময়লা-আবর্জনার স্তূপ। একইভাবে গুরুত্বপূর্ণ এই মসজিদের অজুখানার অবস্থাও ছিল বেহাল। ড্রেনে ময়লা-আবর্জনা জমে অজু করার পরিবেশও নষ্ট হয়ে গিয়েছিল।
বিষয়টি ‘ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট’-এর স্বেচ্ছাসেবীদের নজরে এলে তাঁরা পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেন। সংগঠনের সদস্যরা মসজিদের অজুখানা, মাজার প্রাঙ্গণ, যাত্রী বসার স্থান ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। কয়েক ঘণ্টার পরিচ্ছন্নতা কার্যক্রমের পর পুরো এলাকার চেহারা বদলে যায়।
বিশেষ করে দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা অজুখানা ও যাত্রী ছাউনিটি পরিষ্কার করার পর সেখানে নতুন পরিবেশের সৃষ্টি হয়। আগে যেখানে মানুষ বসতে চাইতেন না, পরিচ্ছন্নতার পর সেখানে পর্যটক ও পথচারীদের বসতে দেখা যায়। অনেকে সেখানে বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি খাবারও খান।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ও সাংবাদিক-সংগঠক আমীর হোসেন সোহাগ বলেন, সমাজের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। ‘ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট’ এরই মধ্যে চুনারুঘাট সদর হাসপাতালসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও এতিমখানায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে।
সংগঠনের পৃষ্ঠপোষক ছমির হোসেন আনছার বলেন, ভালো কাজের জন্য বেশি মানুষের প্রয়োজন নেই, প্রয়োজন আন্তরিকতা ও মানসিকতা। এ ধরনের সামাজিক কাজে তিনি ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
আরেক পৃষ্ঠপোষক শাহিন ও হাবিবুর রহমান মুন্সী বলেন, সমাজ থেকে মাদক নির্মূলের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমেও তাঁরা নিয়মিতভাবে যুক্ত থাকবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বলেন, ‘যেখানে ময়লা, ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট সেখানেই হাজির।’ পরিচ্ছন্ন সমাজ গড়তে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি রাজিউর রহমান রাজু, ধর্ম সম্পাদক শরীফ মো. আব্দুল মতিন এবং স্বেচ্ছাসেবক ওয়াসিম, ঈশা খান, মিলন আহমেদ, আব্দুল খালেক, আরজু মিয়া, নজরুল ইসলাম, হোসাইন আহমেদ আল আমিন, মিলনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :