অর্থনীতিসহ দেশের সমস্যা সমাধানে সরকার সফল হবে : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজবাড়ী সংবাদদাতা :
বিএনপির ওপর আস্থা রাখা জনগণের প্রতি ভুল করে অবিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে গতিশীলতা ফেরানোসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে কিছুটা সময় দিতে হবে। প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধানে অবশ্যই সফল হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জিয়া মঞ্চের রাজশাহী বিভাগীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যেসব জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি অনুরোধ, ভুল করে অবিশ্বাস করবেন না। একটু সময় দেন। অর্থনৈতিক গতিশীলতাসহ দেশের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবেন।’
লংমার্চ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘বেহেশতে যাওয়ার জন্য যে টিকিট বিক্রি করেছিল, সেই বেহেশতের ঠিকানা কোথায়, সেটি খোঁজার জন্য বিরোধী দল লংমার্চ করবে।’
দেশে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে গয়েশ্বর বলেন, ষড়যন্ত্র অদৃশ্যে দানা বাঁধছে। যখন সেটি দৃশ্যমান হবে, তখন বোঝা যাবে তারা কতটা শক্তিশালী। তিনি ৫ আগস্টের পর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রকাশ্যে আসা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর প্রকাশ্যে আসা কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয় সংসদ দখল করেছে। তাদের কেউ কেউ অতীতে ছাত্রলীগের পদে ছিলেন। অথচ বর্তমানে তাদের কথাবার্তা শুনলে মনে হয়, বর্তমান সরকার যেন তাদের দয়ার দান।
প্রশাসন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘উত্তরাধিকারসূত্রে প্রশাসনের মধ্যে আওয়ামী ভূত পেয়েছি। এই প্রশাসন এখনো পেশাদার হতে পারেনি। পেশাদারিত্ব না থাকায় তাদের দিয়ে ভালো কাজ করানো কঠিন।’
প্রশাসনের অনেক কর্মকর্তা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন দাবি করে গয়েশ্বর বলেন, ‘সাহস থাকলে হাসিনা ফিরে আসুক। আমরাও চাই ফিরে আসুক। জনগণ কী করতে চায়, আসলে তখন টের পাবেন। তার আগে টের পাবেন না।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়েও শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন গয়েশ্বর। তিনি বলেন, লক্ষ কোটি টাকা ব্যয় করেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি তৎকালীন সরকার। এখনো কেন্দ্রটি চালু করার মতো হালনাগাদ অবস্থায় আসেনি বলেও দাবি করেন তিনি।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। তবে সম্প্রতি তদন্তে দুটি নাম সামনে আসায় তিনি কিছুটা আশার কথা জানান।
গয়েশ্বর বলেন, একসময়কার প্রভাবশালী মেজর জেনারেল জিয়াউল হাসান এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীর নাম তদন্তে এসেছে। তদন্ত এগিয়ে গেলে হত্যাকাণ্ডের রহস্যের বিস্তারিত জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাগর-রুনি হত্যাকাণ্ডের পর একাংশের সাংবাদিক নিহত রুনিকে নিয়ে কুৎসা রটিয়েছিলেন বলেও অভিযোগ করেন গয়েশ্বর। তাঁর দাবি, এ ধরনের ভূমিকার মাধ্যমে একজন সাংবাদিক পরবর্তীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও হয়েছিলেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসন ও বিভিন্ন আলোচিত ইস্যুতে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখার ওপরও গুরুত্ব দেন গয়েশ্বর চন্দ্র রায়।
আপনার মতামত লিখুন :