সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত, অভিযুক্ত আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সদস্য প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কোতোয়ালি থানার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য র্যাব-৯-এর একজন কনস্টেবল ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কীন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধাওয়া খেয়ে বাপ্পি থানা রোড হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য তাকে আটক করতে গেলে বাপ্পি ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী বাপ্পিকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটক বাপ্পির বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।
এই ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :