স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না : নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং ইউটিলিটি বিল বকেয়া থাকা ব্যক্তিদেরও নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি প্রতিষ্ঠানের- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ- বিদ্যমান আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
আখতার আহমেদ জানান, নতুন প্রস্তাব অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং যাদের ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তারাও প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন।
তিনি আরও বলেন, কমিশন এসব প্রস্তাব চূড়ান্ত করেছে এবং শিগগিরই সেগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে পরবর্তী কার্যক্রমের জন্য।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা প্রসঙ্গে ইসি সচিব বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয়। তারা ১৮ বছর পূর্ণ করলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে পর্যন্ত তাদের তথ্য নিষ্ক্রিয় (ডরম্যান্ট) অবস্থায় থাকে।
তিনি জানান, ভবিষ্যতে কোন স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক স্তর—কোন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :