বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আ. লীগের ১৮ নেতার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বান্দরবান সংবাদদাতা :
বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলার আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাজমুল হাসান ভূঁইয়া আনিসুর রহমান সুজনসহ ১৮ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার শহরের শেরেবাংলানগর এলাকার বাসিন্দা আবুল কালাম নামের এক ব্যক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই গভীর রাতে জেলা শহরের আর্মিপাড়া এলাকার শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসে হামলা চালিয়ে দরজা, টেবিল ও চেয়ার ভাঙার পাশাপাশি অফিসের সাইনবোর্ড, দলের শীর্ষ নেতাদের ছবি ভাঙচুর করে মেঝেতে ফেলে পালিয়ে যায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এজাহারে উল্লেখ করা হয়, শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল।
সে ধারাবাহিকতায় অফিস দখল করতে আসামিরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম পারভেজ বলেন, বান্দরবানের আর্মিপাড়া এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা করেছে এক ব্যক্তি। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।
আপনার মতামত লিখুন :