রাঙ্গামাটির লংগদুতে আগুন, সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সুমন খান, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সোমবার (৩ আগস্ট) ভোরে একটি কাঠমিস্ত্রির কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি স্থাপনায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নেতৃত্বে জোন সদর থেকে তিনটি বি-টাইপ টহল দল প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।
লংগদু জোনের সদস্যরা সবার আগে ঘটনাস্থলে পৌঁছে আগুনের বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় লংগদু জোনের মেডিকেল দলও ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সার্বক্ষণিক প্রস্তুত ছিল।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে লংগদু জোন। পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথাও জানিয়েছে তারা।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি, পেশাদারিত্ব ও মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, সময়মতো লংগদু জোনের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারত।
আপনার মতামত লিখুন :