প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব দেব : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের ওপর পড়ল। আগুনে পুড়ে মারা গেল, মা-বাবাদের আমরা কী জবাব দেব।
২১ জুলাই সোমবার রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।
আমরা কেউ কল্পনা করিনি। কারোরই ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের ওপরে পড়ল। আগুনে পুড়ে মারা গেল, মা-বাবাদের আমরা কি জবাব দেব? কি বলব তাদের? আমরা নিজেদের তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, সারা জাতি হতভম্ব, শোকাহত। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি, এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে, মা-বাবা এখনো খোঁজ নিচ্ছেন সন্তান কোথায়।
তাকে আর কোনো দিন চেনা যাবে কি না? যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কি না। পৃথক করার তো কোনো উপায় নেই। এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘সরকার চিকিৎসার ব্যবস্থা করছে। আমরা অবশ্যই তদন্ত করব। আমরা সবাই আপনাদের পাশে আছি। গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা হাসপাতালে ভিড় করবেন না। যারা আহত তাদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড় করলে তাদের মধ্যে কী রোগ ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করুন সবাই।’
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭১ জন।
আপনার মতামত লিখুন :