হাওরের বুকে সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা, অনুষ্ঠিত হলো ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

হাওরের জীবন, জীবিকা, প্রকৃতি এবং আবহমান বাংলার লোকজ সংস্কৃতির অনন্য ঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’। শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের আয়োজনে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ভাটির সুরে, বর্ষার ছন্দে: বর্ষাবরণ ১৪৩৩’।

দিনব্যাপী এ আয়োজনে বানিয়াচং, আজমিরীগঞ্জ, নিকলী ও মিঠামইন উপজেলার বিস্তীর্ণ হাওরজুড়ে গান, কবিতা, সাহিত্য, লোকসংস্কৃতি এবং ভাটির জনপদের জীবনধারার সঙ্গে একাত্ম হয়ে ওঠেন দেড় শতাধিক প্রকৃতিপ্রেমী, সাহিত্য-সংস্কৃতিসেবী ও ভ্রমণপিপাসু মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেম-দ্রোহের কবি মনসুর আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আখতারুজ্জামান তরফদার জামান। স্বাগত বক্তব্য দেন হাওর বিলাস উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব হাবিব খোকন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সংগীতজ্ঞ স্বদেশ দাস, সিনিয়র আইনজীবী জুনায়েদ মিয়া, সংগীতশিল্পী গোপী মোহন দাস, শিক্ষক পঙ্কজ কান্তি গোপ, মো. আব্দুল মালিক, আলমগীর হোসেন চৌধুরী, নাট্যভাষ্করের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, প্রকৌশলী আশরাফুল আলাম, চিকিৎসক মো. আব্দুল আহাদ, অগ্রগামী গণপাঠাগারের সভাপতি সিদ্দিকুর রহমান, সংগঠক এনি মনি দাস, নারী উদ্যোক্তা এস. কে. নাহারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন।

‘বর্ষার বুকে কাব্যযাত্রা’ পর্বে কবিতা আবৃত্তি করেন সৈয়দা বেলী, ইসরাত জাহান ফাল্গুনী ও প্রকৃতি দাস। আর ‘লোকসুরে নৌযাত্রা’ পর্বে ভাটিয়ালি, বাউল ও লোকসংগীত পরিবেশন করেন সিরাজ বাউল, নুরুন্নাহার শিমুল, মো. দুলাল, জগৎ সরকার, হৃদয় বৈষ্ণব, সৌরভ দাস, চৌধুরী তাওহীদ বিন আজাদ, পুলক দাস ও দ্বীপ সরকার।

হাওরের বুকজুড়ে নৌকায় বসে ভাটিয়ালি ও বাউল গানের সুর, বর্ষা ও প্রকৃতিকে ঘিরে কবিতা আবৃত্তি এবং সাহিত্য-সংগীতের অপূর্ব মেলবন্ধন পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

আয়োজকরা জানান, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, ভাটির জনপদের জীবনধারা এবং বাংলার লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। সাহিত্য, সংগীত ও প্রকৃতির সমন্বয়ে ‘শব্দকথা হাওর বিলাস’ ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের মাধ্যমে এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ