গোপালগঞ্জে গণগ্রেফতার নয়, প্রকৃত অপরাধীদের আটক করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গোপালগঞ্জে গণগ্রেফতার চলছে না। প্রকৃত অপরাধীদের আটক করা হচ্ছে। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় রাজনীতি ছিলো। 

২০ জুলাই রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা ও কোর কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগের ও বর্তমান পরিস্থিতি জেনেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কারফিউ তুলে নেয়া হয়েছে, ১৪৪ ধারাও শিগগিরই তুলে নেয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম। আমরা সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক। সবাই মত প্রকাশ করবেন, তবে যেন কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, মিথ্যা বলে গণতন্ত্র হয় না, সত্যি কথা বলতে হবে। কেউ অন্যায় করলে গ্রেফতার হবে, কিন্তু যারা নির্দোষ তাদের যেন হয়রানি না হয়। গোপালগঞ্জে শিশু গ্রেপ্তারের কোনো তথ্য আমার কাছে নেই। আগের মতো গণগ্রেফতার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না, এমন কথা ঠিক নয়। আমাদের হাতে এখনও সময় আছে। প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না।

তিনি আরও বলেন, যেসময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেনাবাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে প্রতিটি সংস্থা কাজ করে যাচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ