চৌকা সীমান্তে চার শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে চার শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে এই প্রচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চার শিশুসহ মোট ২০ জনকে অবস্থান করতে দেখে তাদের গতিরোধ করা হয়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল বলে দাবি করা হয়।
বিজিবি জানায়, বর্তমানে ওই ২০ জন শূন্যরেখা থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে, শুকদেবপুর এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পাহারায় অংশ নিচ্ছেন।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সীমান্ত এলাকার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :