নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ দ্বিতীয় সিজনে থাকছেন না ভূমি পেডনেকর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আবারও ফিরছে আলোচিত সিরিজ দ্য রয়্যালস। তবে নতুন খবর হলো, সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা যাবে না অভিনেত্রী ভূমি পেডনেকর-কে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম সিজন ঘিরে সমালোচনার পরই এই প্রজেক্ট থেকে তিনি বাদ পড়তে পারেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় সিজনে গল্পের মোড় পুরোপুরি বদলে যাবে। এবার রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক, রাজনীতি এবং পারিবারিক জটিলতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রথম সিজনে ঈশান খট্টর ও ভূমি পেডনেকরের রোমান্সই ছিল মূল আকর্ষণ।
সিরিজের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রথম সিজনটি একটি অসমাপ্ত প্রেমের গল্প হিসেবে শেষ করা হয়েছিল এবং সেটিকে আর এগিয়ে নেওয়ার পরিকল্পনা নেই। তবে ভূমির সঙ্গে কোনো মতবিরোধ হয়নি বলেও জানানো হয়েছে। নির্মাতারা নতুনভাবে গল্পকে এগিয়ে নিতে চান।
প্রথম সিজনের পর সমালোচনার মুখে পড়েছিলেন ভূমি পেডনেকর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, চারপাশের নেতিবাচক মন্তব্যের কারণে নিজের সৃজনশীলতাও তিনি ঠিকভাবে অনুভব করতে পারছিলেন না এবং একসময় মানসিকভাবে কিছুটা অসাড় হয়ে পড়েছিলেন।
এদিকে, তিনি বর্তমানে নতুন কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, বহু প্রতীক্ষিত একটি ছবিতে ইমরান খান-এর বিপরীতে অভিনয় করতে পারেন তিনি। এছাড়া শিগগিরই দলদল ২-এর কাজও শুরু হতে পারে।
প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, বিহান সামত, ডিনো মোরিয়া ও মিলিন্দ সোমান। প্রথম সিজনটি মুক্তি পায় গত বছরের ৯ মে।
আপনার মতামত লিখুন :