সিলেটে দেয়াল ধসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারীর ব্যাপক ক্ষতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি : 

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের হারপাড়া এলাকায় দেয়াল ধসের ঘটনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারীতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় নার্সারীর একটি স্টাফ কোয়ার্টার ও চারটি ইন্ডোর অর্কিড শেড সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, অবকাঠামো এবং প্রয়োজনীয় সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নার্সারীর এক কর্মচারী ও তার শিশু সন্তান।

গত ২০ জুন শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুগন্ধা নার্সারীর পাশের ব্যবসা প্রতিষ্ঠান শাহ ফিরোজ এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চালিয়ে আসছিল। প্রতিষ্ঠানটির পাশে থাকা একটি উঁচু সীমানা প্রাচীর দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাতে দেয়ালটি আরও দুর্বল হয়ে পড়ে এবং একপর্যায়ে সেটি ধসে পড়ে সুগন্ধা নার্সারীর ওপর।

দেয়াল ধসের ফলে নার্সারীর একাধিক শেড ভেঙে পড়ে এবং শত শত গাছের চারা নষ্ট হয়ে যায়। এছাড়া টব, পাইপ, শেডের কাঠামো ও অন্যান্য সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দেয়াল ধসের সময় একটি বৈদ্যুতিক খুঁটিও উপড়ে নার্সারীর ওপর পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত সুগন্ধা নার্সারীর মালিক ও নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম বলেন, “আমরা গাছের চারাগুলোকে নিজের সন্তানের মতো লালন-পালন করি। বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা এই নার্সারী জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। দেয়াল ধসের ঘটনায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। অথচ পাঁচ দিন পার হলেও ধসে পড়া দেয়ালের মালিক আমাদের খোঁজ নিতে আসেননি। আমি প্রশাসনের কাছে ন্যায্য ক্ষতিপূরণ ও সহায়তা কামনা করছি।

এ বিষয়ে খোশনূর রুবাইয়াৎ, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বলেন, “সুগন্ধা নার্সারীর সুনামের বিষয়ে আমি অবগত। তবে ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ক্ষতিগ্রস্ত পক্ষ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ দেয়াল ও স্থাপনা চিহ্নিত করে আগেভাগে ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। ক্ষতিগ্রস্ত নার্সারী কর্তৃপক্ষ দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ