সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা–বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎ স্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের প্রফেসর মো. সোহাগ মিয়ার বাবা মো. নুরুল আমীন (৭০), মা মোছা. ফাতেমা খানম (৬০) এবং ছোট ভাই মো. ফরহাদ মিয়া (৩০)।
স্থানীয় মোশাহিদ আলম জানান, বিকেলে হঠাৎ বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ মিয়ার টিনের দোকানের ওপর পড়ে। দোকানের টিনের বেড়ায় হাত দিতেই ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে প্রথমে তাঁর বাবা ও পরে মা এগিয়ে এলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আপনার মতামত লিখুন :