ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
চলতি বিশ্বকাপে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। আর এই জয়ের মধ্য দিয়েই গড়ে ওঠে বিশ্বকাপের নতুন এক ইতিহাস।
ফিফা র্যাংকিং অনুযায়ী, বর্তমান বিশ্বের এক নম্বর দল ফ্রান্স, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় স্থানে স্পেন এবং চতুর্থ স্থানে ইংল্যান্ড। চার পরাশক্তিই নিজেদের কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে দেখা মিলছে র্যাংকিংয়ের শীর্ষ চার দলের।
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে, স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে, ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এই বিরল কীর্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টুর্নামেন্টের ড্র বিন্যাস। আসর শুরুর আগে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দলকে নকআউট পর্বের চারটি ভিন্ন অংশে রাখা হয়েছিল। ফলে প্রত্যেক দল নিজ নিজ গ্রুপ ও নকআউট পথ অতিক্রম করে সেমিফাইনালে উঠতে পারলে তার আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না।
সেই সমীকরণ বাস্তবে রূপ নিয়েছে। নিজেদের পথের সব বাধা পেরিয়ে চার পরাশক্তিই শেষ চারে জায়গা করে নিয়েছে, যা বিশ্বকাপ ইতিহাসে নজিরবিহীন।
সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফুটবল বিশ্বের দুই হাইভোল্টেজ লড়াই ঘিরে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে সমর্থকদের উন্মাদনা।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ফিফা বিশ্ব র্যাংকিং চালু হলেও ওই বিশ্বকাপের ড্রয়ে এটি ব্যবহার করা হয়নি। এরপর বিভিন্ন আসরে র্যাংকিংয়ের শীর্ষে থাকা একাধিক দল হতাশাজনকভাবে বিদায় নেয়। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই প্রেক্ষাপটে চলতি বিশ্বকাপে শীর্ষ চার দলের একসঙ্গে সেমিফাইনালে ওঠা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :