মানুষের রায়ে উন্নয়নের কাজ শুরু হয়েছে, বিভ্রান্তি রুখে দিতে হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁদপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছরে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং প্রশাসনকে রাজনীতিকীকরণের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর দক্ষতা নষ্ট করা হয়েছিল।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা দেখেছি এই দেশের মানুষের লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তার কার্যকারিতা নষ্ট করা হয়েছিল। দেশের চিকিৎসাব্যবস্থাও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল অন্য দেশের চিকিৎসা খাতকে সুবিধা দেওয়ার জন্য। উন্নয়নের নামে জনগণের অর্থ তছরুপ করা হয়েছে।”
সরকারের চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন শুরু করেছি। খাল খনন কর্মসূচিও শুরু হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রাম থেকে শহর—সব শ্রেণির মানুষ উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, প্রতিশ্রুতি পালনের রাজনীতি। আমরা যখন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি, তখন একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে, যেন কেউ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে না পারে।”
নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মানুষ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়েছে। জনগণ যেসব কাজ বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে, আমরা তা করে যাব। কেউ ষড়যন্ত্র করলে জনগণই তা প্রতিহত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :