গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি : তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমন করা যাবে না। গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

১৭ জানুয়ারি শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। কোনো পরিবারের এক ভাই নির্যাতিত হলে, আরেকজন রাজপথে নেমে এসেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। এবার যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া করি, তবে তা শহীদদের প্রতি অবমাননা হবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বিস্তারিত বলা যাচ্ছে না। কিন্তু ইসি এরই মধ্যে কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে ধৈর্যের পরিচয় দিতে চান বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন কৌশলে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা সেই সুযোগ দেবো না। ইসিকে বলবো সমতা আনতে হবে। বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়। গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধাগ্রস্ত করতে চায়, ষড়যন্ত্র করতে চায়- তাদের উদ্দেশ্য সফল হবে না। কিন্তু দেশে গণতন্ত্র ফিরবই।

এতে অংশ নেন সারাদেশ থেকে আসা গুম, খুনের শিকার পরিবারের স্বজনরা। তারা কান্নাজড়িত কণ্ঠে জানান, বাসা-অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেয়া হয়েছে। তাদের অনেকেই জানেন না- গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কী হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ