জুড়ীতে পারিবারিক কলহে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :
জুড়ী উপজেলাতে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় নিজ বাড়িতে।
নিহত সুলতান আলী মন্ত্রীগাঁও গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুলতান আলীর সঙ্গে তার ছেলে ফয়েজ মিয়া (৩৪)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে বাবার মাথার পেছনে আঘাত করেন। এতে সুলতান আলী গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বাবাকে হাসপাতালে রেখে অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া পালিয়ে যায় বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।
ঘটনার খবর পেয়ে শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে **জুড়ী থানা**র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই (নিরস্ত্র) মজিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল-এর মর্গে পাঠানোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :