বাবার অনুপ্রেরণায় ফেরার লড়াই, মাঠে নামতে প্রস্তুত নেইমার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে মাঠে নামতে প্রস্তুত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এই খবরে ভীষণ খুশি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। কেউ কেউ শুধু এক ঝলক দেখার অপেক্ষায় থাকলেও, নেইমারের বাবা চান তার ছেলে যেন মাঠে নেমে বিশেষ কিছু করে দেখান।
এই প্রত্যাশা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি ভিডিও বার্তা দিয়েছেন নেইমার সিনিয়র। সেখানে তিনি লিখেছেন, তাহলে দৌড়াও, এবার দৌড়াও। এমনভাবে দৌড়াও যেন আজই তোমার জীবনের শেষ দিন।
ভিডিওটিতে ফুটে উঠেছে নেইমারের পুরো ক্যারিয়ারের গল্প। ছোটবেলা থেকে তারকা হয়ে ওঠার পথচলা, চোট, ফিরে আসা আর সংগ্রামের নানা মুহূর্তের ছবি ব্যবহার করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ছিল জীবন সংগ্রাম আর ঘুরে দাঁড়ানোর প্রেরণামূলক গান। ভিডিও বার্তায় নেইমার সিনিয়র বলেন, এ পর্যন্ত আসতে আমাদের সাহায্য করেছেন সৃষ্টিকর্তা। সময় এবার এসেছে। আমরা একসঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করব। শুভকামনা ছেলে, শুভকামনা ব্রাজিল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।”
এরই মধ্যে নিশ্চিত হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে পাওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, সে প্রস্তুত। খুব ভালো অনুশীলন করেছে।
সবকিছু মিলিয়ে, নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। মাঠে ফিরে এই তারকা কী করেন, সেটাই এখন দেখার বিষয়।
আপনার মতামত লিখুন :